ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, কোনো সমাজেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না এবং তা সমর্থনযোগ্যও নয়। (বিস্তারিত)
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কেন এখনো 'ক্রসফায়ার' হচ্ছে এবং কারা করছে- তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'পুলিশ সম্পর্কে একশ একটি প্রশ্ন এবং উত্তর' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী শফিক আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, "আমিও ব্যক্তিগতভাবে এ ধরনের হত্যাকাণ্ড (বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ) বন্ধ হোক তা চাই। প্রধানমন্ত্রীও তা বলেছেন। আইনের বিধান ছাড়া কারো প্রাণ নেওয়া কখনোই আমরা মানবো না। এ ধরনের হত্যা আইন শৃঙ্খলাবাহিনীর কোনো সদস্য করে থাকলে সেটা আরো বড় অপরাধ। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
আইনজ্ঞ ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি আওলাদ আলী, পুলিশের সাবেক আইজি এ এস এম শাহজাহান ও নূরুল হুদা, ব্লাস্টের নির্বাহী পরিচালক মোহসিন আলী খান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কমনওয়েলথ হিউম্যান রাইটস কমিশনের পরামর্শক দেবযানী শ্রীবাস্তব, দক্ষিণ এশীয় আইন ও মানবাধিকার বিষয়ক সংস্থার উপ-পরিচালক ড. উত্তম দত্ত প্রমুখ।
'পুলিশ সম্পর্কে একশ একটি প্রশ্ন এবং উত্তর' গ্রন্থ সম্পর্কে কামাল হোসেন বলেন, এই গ্রন্থের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের দায়িত্ব, ক্ষমতা, কর্তব্যসহ বিভিন্ন বিষয়ে জানতে পারবে। সেইসঙ্গে পুলিশের সঙ্গে সহজভাবে যোগাযোগ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24