২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি গবেষণা সংশোধনী বিল মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা, সমন্বয় ও গবেষণা পরিকল্পনা এবং মূূল্যায়ন নিশ্চিত করতে মন্ত্রিসভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (সংশোধনী) বিল, ২০১০ অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 09:31 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা, সমন্বয় ও গবেষণা পরিকল্পনা এবং মূূল্যায়ন নিশ্চিত করতে মন্ত্রিসভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (সংশোধনী) বিল, ২০১০ অনুমোদন করেছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফ করেন। আবুল কালাম আজাদ জানান, বিলটি অনুমোদনের আগে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও ধানের গবেষণার ওপর গুরুত্ব দেন। এজন্য যথেষ্ট তহবিল বরাদ্দ রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গবেষণা খাতকে গুরুত্ব দিতে গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনে গবেষকদের চাকরির বয়স সীমা বাড়ানোরও তাগিদ দেন। এজন্য প্রয়োজনে বিশেষ তহবিল গঠনেরও নির্দেশ দেন তিনি। টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষস্থানীয় নারী নেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈঠকে অভিনন্দন জানানো হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন বলে জানান আবুল কালাম আজাদ। এছাড়া গত ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেনেভায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কৃষি গবেষণা কাউন্সিল আইনের সংশোধনীতে বলা হয়, কৃষি গবেষণায় গতিশীলতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণা ব্যবস্থাপনায় জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) প্রতিষ্ঠানগুলোর জনবল বৃদ্ধি, উন্নততর ব্যবস্থাপনা এবং গবেষণার জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী টেকসই ও চাহিদামুখী প্রযুক্তি উদ্ভাবন প্রয়োজন। এজন্য কৃষি গবেষণা কাউন্সিলকে যুগোপযোগী করতে ১৯৯৬ সালের আইনের কিছু সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন প্রয়োজন। পরে মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫২৪ ঘ.