ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী- ৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিলের ও ওই আসনে পুনর্নির্বাচনের বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হকের অবকাশকালীন চেম্বার আদালত ওই আসনের বিজয়ী প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ ফজলুল আজীমের আবেদনে এই আদেশ দেয়।
পাশাপাশি ওই আবেদনটির ওপর ৫ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির তারিখ ধার্য করে।
গত বৃহস্পতিবার বিচারপতি মো. এমদাদুল হকের একক বেঞ্চ ওই আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আয়েশা ফেরদাউসের দায়ের করা নির্বাচনী আবেদনে ফলাফল স্থগিত এবং ওই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
সোমবার ফজলুল আজীমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আয়েশা ফেরদাউসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমির-উল-ইসলাম।
আদেশের পর ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেছে। আদালত ৫ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির তারিখ ধার্য করেছে।"
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ ফজলুল আজীম বিজয়ী হন।
এরপর আয়েশা ফেরদাউস নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে ২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে আবেদনটি দায়ের করেন। আবেদনে তিনি ওই আসনের ১০টি কেন্দ্রে ভোটার পুনর্বিন্যাস, ১টি কেন্দ্র সরিয়ে নেওয়া ও ভোট কারচুপির অভিযোগ আনেন ফজলুল আজীমের বিরুদ্ধে।
হাইকোর্ট আবেদনটির ওপর ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করে রায়ে বলে, ফজলুল আজীমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে সহকারী রিটার্নিং অফিসারের নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে ভোটার পুনর্বিন্যাস ও ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার এখতিয়ার ছিলো না। এজন্য পুরো ফলাফল বাতিল করা হলো।
রায়ে আরো বলা হয়, নির্বাচন কমিশন ওই ১০টি কেন্দ্রে নতুন করে ভোটার তালিকা তৈরি করে পুরো নোয়াখালী-৬ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠান করবে।
হাইকোর্টের ওই রায় সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের রায় হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে ব্যবস্থা নেবে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০১ ঘ.
bdnews24