ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভ্রান্তি তৈরি হওয়ার প্রেক্ষাপটে এবারের জনপ্রতি ফিতরার পরিমাণ পুনর্নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার এক পর্যালোচনা সভায় জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেউ চাইলে এর বেশি দিতে পারবেন।
এর আগে প্রথম দফায় গত ২৬ অগাস্ট এবারের সর্বনিম্ন জনপ্রতি ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।
রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাদকাতুল ফিতরা পর্যালোচনা সভায় সিদ্ধান্ত হয়, এক কেজি ৬৫০ গ্রাম গম যার বর্তমান বাজারমূল্য ৪৫ টাকা। তাই সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
মসজিদের খতীব এম সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় এক বিবৃতিতে বলা হয়, ফিতরায় গম ছাড়া খেজুর, পনির, কিসমিস ও যব ইত্যাদির মূল্য দিতে চাইলে তিন কেজি ৩০০ গ্রামের মূল্য দিতে হবে।
প্রথম দফায় সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা নির্ধারণের পরদিন লালবাগে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে মাদ্রাসা ফিতরা কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, এ বছর সর্বনিু ফিতরা হবে ৪৫ টাকা।
এরপর এবারের ফিতরা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে ইসলামিক ফাউন্ডেশন ওলামায় কেরাম ও আলেমদের নিয়ে বৈঠক করে ফিতরার সর্বনিু মূল্য পুনর্নির্ধারণ করলো।
খতীব এম সালাহউদ্দিন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওলামায়ে কেরামদের সঙ্গে বসে সর্বসম্মতভাবে ফিতরার এই সর্বনিম্ন মূল্য নির্ধারিত হয়েছে। বেশি দিলে কোনো ক্ষতি নেই।"
ওদিকে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালের মূল্য বিবেচনা করে জনপ্রতি ১০০ টাকা ফিতরার মূল্য ঘোষণা করা হয়েছিলো। সে হিসেবেও ফিতরা দেওয়া যাবে।
ফিতরা নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের প্রথম সভায় বলা হয়, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। সামর্থ্যবান বাবার ওপর তার নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকেও সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব।
ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০৫২ ঘ.
bdnews24