নাটোর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে বাক্সের তালা ভেঙ্গে এক লাখ ৯৭ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ (বিডি) দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে (এলজিইডি)
এ ঘটনা ঘটে।
এক কোটি টাকার সড়ক মেরামতের কাজের জন্য নাটোরের এম আর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই দরপত্র দাখিল করে।
প্রতিষ্ঠানটির মালিকের অভিযোগ, এক প্রতিমন্ত্রীর ছেলেসহ শ্রমিক লীগের কিছু নেতাকর্মী ওই দরপত্রটি ছিনতাই করেছেন।
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় জানায়, সদর উপজেলার বনবেলঘরিয়া থেকে মমিনপুরহাট পর্যন্ত সড়ক মেরামত কাজের জন্য গত ২৫ জুলাই দরপত্র আহ্বান করা হয়।
৯৮ লাখ ৬৮ হাজার টাকার এই কাজের জন্য গত ২৯ জুলাই থেকে দরপত্র বিক্রি শুরু হয়। রোববার দুপুরে এম আর কনস্ট্রাকশনের মালিক ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজানের একজন প্রতিনিধি দরপত্র দাখিল করেন।
তিনি নির্বাহী প্রকৌশলীর নিজস্ব কক্ষে রাখা বাক্সে দরপত্র দাখিল করে যাওয়ার পরপরই ১৫/২০ জন যুবক ওই কক্ষে জোর করে প্রবেশ করে।
তারা অফিসের কর্মচারীদের বাক্সের তালা খুলে দেওয়ার নির্দেশ দেয়। এতে কেউ সাড়া না দিলে যুবকরা অফিসের পিয়ন আমিরুল ইসলামকে কিল-ঘুষি মেরে জখম করে।
পরে তারা বাক্সের তালা ভেঙ্গে এম আর কনস্ট্রাকশনের ফেলে যাওয়া দরপত্র বের করে নিয়ে চলে যায়।
এ সময় নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন তার কক্ষে ছিলেন না।
খবর পেয়ে নাটোর থানার পুলিশ ও নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনার পরপরই এম আর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম রমজান সাংবাদিকদের কাছে এই ঘটনার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বড় ছেলে সোহেল সরকার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোর্তুজা বাবলুসহ তাদের সমর্থকদের দায়ী করেন।
তিনি এই ঘটনার জন্য নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেনকেও দায়ী করেন।
রমজান বলেন, নিয়ম অনুযায়ী আজ (রোববার) থেকে দরপত্র বাক্স পাহারার জন্য পুলিশ মোতায়েনের কথা ছিল। কিন্তু নির্বাহী প্রকৌশলী তা করেননি।
এছাড়াও ছিনতাইকারীদের সহযোগিতার জন্য তিনি বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার জন্য শুধু তার কার্যালয়ের কথা উল্লেখ করেছেন।
অথচ এটা জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট ও আশপাশের জেলার এলজিইডি কার্যালয়ে দাখিলের সুযোগ থাকার কথা ছিলো।
তিনি অবিলম্বে দরপত্র ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দরপত্র দাখিলের জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানান।
নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, "ঘটনার সময় আমি অফিসের কাজে রাজশাহীতে ছিলাম।"
তিনি জানান, যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি দরপত্র আবার দাখিলের সুযোগ দেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সাংবাদিকদের বলেন, তার ছেলে বা দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিলো না। পুলিশ তদন্ত করে দেখবে কারা এর সঙ্গে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24