চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আতাউর রহমান খান কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার মেয়ে মুনিরা সাদিয়া।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকাল ৫টায় কায়সারকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি অবনতি হওয়ায় চমেক হাসপাতাল থেকে নগরীর পতেঙ্গার বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।"
আওয়ামী লীগনেতা ও সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলমের জানাজায় যাবার পথে শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় গাড়ি উল্টে আতাউর রহমান খান কায়সার আহত হন। এতে তার কোমরের হাড় ভেঙে যায়।
এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও আহত হন।
শনিবার রাতে তাকে চমেক হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করানো হয়। রোববার সকালে তার শারীরিক পরিস্থিতি বিবেচনার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার হার্টে সমস্যা দেখা দেয়। দুর্ঘটনায় কোমরের হাড়ও ভেঙে যাওয়ায় যেকোন সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে।"
এজন্য গঠিত চিকিৎসক বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০৫৮ ঘ.
bdnews24