২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র: মঙ্গলবারের পর ডিসিসির থানা নির্বাচন অফিসে

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ওয়ার্ড পর্যায়ে হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হচ্ছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ওয়ার্ড পর্যায়ে হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হচ্ছে মঙ্গলবার। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার এ তথ্য জানান। "ওয়ার্ড কমিশনার কার্যালয় থেকে পরিচয়পত্র সংগ্রহ করার সময় আর বাড়ানো হবে না। ৩১ অগাস্টের মধ্যে পরিচয়ত্র সংগ্রহ করতে ব্যর্থ হলে পরবর্তীতে পশ্চিম আগারগাঁওয়ের থানা নির্বাচন অফিস থেকে তা সংগ্রহ করতে হবে।" বলেন এই কর্মকর্তা। ঢাকা সিটি করপোরেশনে হালনাগাদ ভোটার তালিকায় নতুন করে ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। গত ৯ থেকে ১৮ জুলাই পর্যন্ত তাদের পরিচয়পত্র প্রথম দফায় পাঁচটি স্থানে বিতরণ করে ইসি। দশ দিনে ৭৩ হাজার ৩৪৮টি পরিচয়পত্র বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে অবিতরণকৃত এক লাখ ৫৯ হাজার ২৭৬ টি জাতীয় পরিচয়পত্র ১ অগাস্ট থেকে ডিসিসির ৯০টি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত ৬০ শতাংশ পরিচয়পত্র বিতরণ হয়েছে বলে জানান বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার। ইসি কর্মকর্তারা জানান, ভোটার নিবন্ধন ফরমের প্রাপ্তি স্বীকারপত্রের রশিদ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করলে পরিচয়পত্র দেওয়া হবে। রশিদটি হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করে প্রয়োজনীয় কাগজ নিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ৮ কোটি ১০ লাখের বেশি ভোটার ছবিসহ তালিকাভুক্ত হয়। পরে ভোটার তালিকা হালনাগাদে তালিকাভুক্ত হয় আরো প্রায় ৪০ লাখ । পর্যায়ক্রমে দেশজুড়ে তাদের পরিচয়পত্রও বিতরণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০৩৭ ঘ.