ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি শিল্পকে দূষণ থেকে রক্ষা এবং মানসম্মত চিংড়ি রপ্তানি নিশ্চিত করতে দেশের অন্যতম চারটি গবেষণা প্রতিষ্ঠান একযোগে কাজ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা রোববার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এ চারটি প্রতিষ্ঠান হচ্ছে- মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ আনবিক শক্তি কমিশন (বিএইসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কার্যালয়ে রোববার এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সচিব শরফুল আলম এবং যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়া এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের দেশে মাছের দূষণ পরীক্ষার জন্য গবেষণাগার ও কারিগরি বিশেষজ্ঞের অভাব রয়েছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম এ শিল্পকে রক্ষায় গবেষণাগার ও কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজন। এ চারটি প্রতিষ্ঠান একযোগে কাজ করলে এর অভাব কিছুটা হলেও দূর হবে।
সেবাদাতা চারটি প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন মানসম্মত চিংড়ি সেবা গ্রহিতাদের সংগঠন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির (বিএফএফইএ) সভাপতি মুসা মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩১ ঘ.
bdnews24