২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ নতুন কর অঞ্চল

নারায়ণগঞ্জকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন কর অঞ্চল ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন কর অঞ্চল ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার বিকালে নারায়ণগঞ্জে জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকার কর অঞ্চল-১ আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। নারায়ণগঞ্জ এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকার কর অঞ্চল-১ এর আওতাধীন ছিল। সভায় অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমান ১৮টি কর অঞ্চল রয়েছে। ভোগান্তি রোধে আগামীতে আয়কর দেওয়ার নতুন নিয়ম হবে। অনলাইনে কর দেওয়ার সুবিধা সৃষ্টি হচ্ছে। মন্ত্রী মুহিত বলেন, "কাগজে কলমে দেশে ২৭ লাখ করদাতা থাকলেও কর দেন মাত্র ১০ লাখ। যারা নিয়মিত কর দেবে তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাড়ানো হবে। "আগামীতে তিন ধরনের কর হবে। আয়কর, মূল্য সংযোজন কর ও সেবা তথা ব্যবহার কর।" অর্থমন্ত্রী দেশে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কথা স্বীকার করে বলেন, এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। ২০১২ সালের মধ্যে বিদ্যুতের সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী ও সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি'র সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অজয় কিশোর মোদক প্রমুখ। সভায় ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, আব্দুর রাশেদ রাশু, খবিরউদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন, জায়েদুল হক ও রতন সাহা পে অর্ডারের মাধ্যমে অর্থমন্ত্রীর হাতে চলতি অর্থ বছরের তাদের ব্যক্তিগত আয়কর তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.