ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দু'টি এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১২টা থেকে ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে কামরাঙ্গীরচর থানা রোড এলাকায় 'নিলি ভাজা সেমাই' কারখানার ছাদে নোংরা পরিবেশে ঘিয়ে ভাজা সেমাই শুকানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত কামরাঙ্গীরচর মাদরাসা পাড়ায় উন্মুক্ত স্থানে সেমাই শুকানোর অপরাধে 'নাসির ফুড প্রোডাক্টস'কে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া চকবাজার থানার চম্পাকলি এলাকায় নকল সেমাই তৈরির একটি কারখানা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ওই কারখানা থেকে জব্দ করা প্রায় এক হাজার কেজি সেমাই নষ্ট করা হয়।
একই থানার ওয়াটার ওয়াক্স রোডের ১৫৪ নম্বর বাড়ির চার তলায় নকল 'ম্যাগী' নুডলস এর একটি কারখানার সন্ধান পেয়েছে ওই আদালত।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানার মালিক আবুল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে এক লাখ টাকা জরিমানা আদায় করা হবে।
বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযানে আরো ছিলেন- র্যাব-১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট এনায়েত কবির ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার মো. আশিক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৯৩৪ ঘ.
bdnews24