২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মিত হচ্ছে দুই হাজার নতুন আশ্রয়কেন্দ্র

দেশে দুই হাজার নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে দুই হাজার নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এই কর্মশালার আয়োজন করে। আব্দুর রাজ্জাক বলেন, "প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে দেশে আরো দুই হাজার আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।" ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্পের আওতায় কাজ করছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, "প্রাথমিক পর্যায়ে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৭৫৫ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ প্রকল্পের কাজ ২০০৮ সালের অগাস্টে শুরু হয়ে ২০১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। পরে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১২৯৩ কোটি ৫৫ লাখ টাকা করেছে।" প্রকল্পের মেয়াদও ২০১৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি। আগামী ৩১ অগাস্টের মধ্যে এ ব্যাপারে দুই পক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান তিনি। ঘূর্ণিঝড় আইলা বিধ্বস্ত এলাকা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "আইলায় আক্রান্ত হয়েছিল ১১টি জেলার ৬৪টি উপজেলা। এর মধ্যে চারটি উপজেলা-শ্যামনগর, আশাশুনি, কয়রা এবং দাকোপের দুই-তিনটি করে ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।" এসব এলাকার মানুষের পুনর্বাসনের কাজ এখনও শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন,"সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ৪৭ হাজার পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।" দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান বলেন, "দেশে তিন হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩০০টির অবস্থা শোচনীয়।" দুর্যোগ ব্যবস্থপনা ব্যুরোর পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ প্রকল্প পরিচিতি তুলে ধরে বলেন, "২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। পরে এর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ১১ হাজার ৫৫৭ কোটি টাকা।" এ প্রকল্পের আওতায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ১২টি জেলার ৩৫টি উপজেলায় কাজ করা হবে বলে জানান তিনি। উপজেলাগুলো হচ্ছে-সাতক্ষীরার শ্যামনগর, বাগেরহাটের শরণখোলা ও মংলা, খুলনার দাকোপ ও কয়রা, বরিশালের বাকেরগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, বেতাগী ও বামনা, পটুয়াখালীর বাউফল, গলাচিপা, দশমিনা, ও কলাপাড়া, ভোলা সদর, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, দৌলতখান, মনপুরা, ও তজুমুদ্দিন, লক্ষ্মীপুর সদর, রামগতি ও রায়পুর, নোয়াখালী সদর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড, পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টিন, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির, পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৭৪৩ ঘ.