ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহের বদলে একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ নামাজ অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম এম আফজাল উপস্থিত ছিলেন।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে ঈদের নামাজের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। এরপর ৩০ মিনিট পর পর বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে।
তবে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা এ জামাতে শরিক হবেন। এজন্য জাতীয় ঈদগাহের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
একই রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে কেন্দ্র করেও। আবহাওয়া প্রতিকূল হলে সকল জামাত এখানেই অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৩২৯ ঘ.
bdnews24