গাইবান্ধা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় বাঙ্গালী নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে গোবিন্দগঞ্জ-সাঘাটা সড়ক যোগাযোগ শনিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে।
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারের দেওয়ানতলা নামক স্থানে বেইলি ব্রিজটির পূর্বপাশের অ্যাপ্রোচ রোডসহ সেতুর স্টিলের পাটাতন দুপুরে নদীর প্রবল স্রোতে ভেঙ্গে ভেসে যায়।
এর ফলে সেতুটির উভয় পাশে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন বছর আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে।"
মহিমাগঞ্জ গ্রামের শিক্ষক রেজাউল করিম বলেন, ব্রিজটি গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ হয়ে সাঘাটা যোগাযোগের একমাত্র মাধ্যম।
প্রতিদিন গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ, কোচাশহর, শালমারা, শিবগঞ্জ, তালুককানুপুর, সাঘাটার কামালেরপাড়া, জুমারবাড়ি, বোনারপাড়া, পদুমশহর, ভরতখালি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন বলে জানান তিনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী অহসান কবির জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যাটির দ্রত সমাধান করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩১৩ ঘ.
bdnews24