বরিশাল, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদ পূর্তির আগে পুলিশে ৩২ হাজার লোক নিয়োগ করা হবে। এর মধ্যে আগামী ডিসেম্বরেই নিয়োগ হবে ১৩ হাজার।
এছাড়া পুলিশ বাহিনীর জন্য নতুন ১৭শ' গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্থানীয় সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, "ঈদে বরিশাল অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ শক্তি ও মেধা প্রয়োগ করুন। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের অব্যাহতি দেওয়াসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শামসুল হক টুকু আরো বলেন, মাত্র ১৮ মাসে এ সরকার পুলিশের জন্য রেশন এবং টেলিফোনের ব্যবস্থা করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "২/১টি ঘটনা ছাড়া অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত এবং ভালো আছে। আরো উন্নত করার চেষ্টা চলছে।"
এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুন্নবী তালুকদার, রেঞ্জ ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, মহানগর পুলিশ কমিশনার আব্দুর রহিম, র্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিরুল হক, জেলা প্রশাসক এস এম আরিফুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট দেবদাস ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24