চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক বেসরকারি প্রতিষ্ঠানের দখল থেকে ৫০ কোটি টাকা মূল্যের ২৫ একর জমি উদ্ধার করেছে বনবিভাগ।
শুক্রবার উপজেলার কর্ণফুলী নদীর ১৫ নং জেটিঘাটের বিপরীতে মাঝের চর মৌজায় রাতভর সশস্ত্র অভিযান চালিয়ে উপকূলীয় বনবিভাগ এ জমি উদ্ধার করে।
চট্টগ্রাম বিভাগীয় বন-কর্মকর্তা (উপকূলীয় বন বিভাগ) ড. সুনীল কুমার কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনীতিবিদ ও আমলা চক্রের শিকার এই জমি।
তিনি জানান, ওই জমির দাম ৫০ কোটি টাকারও বেশি।
ডেভলপার কোম্পানি আইডিয়াল হোমের মূল শিল্প প্রতিষ্ঠান ইন্টারবাল্ক ওভারসীজ এস এ লিমিটেড বৃহস্পতিবার রাতে একটি ঝাউবাগানসহ সরকারি ওই জমিটি দখল করে নেয়।
দখলকরা জায়গায় তারা চারশ খুঁটি বসিয়ে ও কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে। সেখানে পাহারাও বসায় ওই কোম্পানি।
বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীরা এই অবৈধ দখলের প্রতিবাদ জানালে ভূমিদস্যুরা তাদের ওপর হামলা চালায় বলেও জানান সুনীল।
পরে আনোয়ারা রেঞ্জ কর্মকর্তা মোক্তারুজ্জামানের নেতৃত্বে ২০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে জবরদখলকৃত ওই জমি পুনরুদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূমিদস্যুরা জমি দখল করে রাতারাতি ঝাউবাগানটি কেটে ফেলছিল। অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।"
তিনি জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/জেবি/পিডি/২০০৬ ঘ.
bdnews24