চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়কসহ পাঁচ নেতাকে আজীবন বহিষ্কারসহ নয় নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তির ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আজীবন বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমল কান্তি মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ও সুব্রত দে, সদস্য শাহাদাত হোসেন শুভ ও আবু হাসান লাভলু। এরা সবাই স্নাতকোত্তর শ্রেণীর বিভিন্ন বিভাগের ছাত্র ।
এছাড়া মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত কুমার দাসকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার, একই বর্ষের ছাত্র সবুজ কান্তি নাথকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় বর্ষের ছাত্র নাহিদ সুলতান ও দ্বিতীয় বর্ষের ছাত্র দীপন কুমার ভৌমিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং সতর্ক করা হয়েছে। এরা সবাই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ ছাত্রদের আজীবন বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক কাজী মো. কমরউদ্দীন, পরিচালকের একান্ত সহকারি চমক চন্দ, নৈশ প্রহরী আকরাম হোসেন, গাড়ি চালক আক্কাস আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কৃতরা দোষী সাব্যস্ত হয়েছেন।
ওই ছাত্রদের বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি কারণ দর্শানোর নোটিশ দিলেও ছাত্ররা তার জবাব দেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির নিয়ম অনুযায়ী এসব শাস্তি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদ মিনার স্থাপনের জন্য আন্দোলন করায় চারদলীয় জোটের সমর্থক উপাচার্য আমাদের বহিষ্কার করেছেন।"
তিনি উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, "পদত্যাগ না করলে ও বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য উপাচার্যই দায়ী থাকবেন।"
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ দীর্ঘদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। এর জের ধরে গত বছরের ১৪ ডিসেম্বর থেকে ২ এপ্রিল পর্যন্তবিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২১৫১ ঘ.
bdnews24