গাজীপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে।
দুর্বৃত্তরা কারখানায় ঢুকে পাঁচ নিরাপত্তাকর্মীকে হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে দেয়। নাকে ও মুখে টেপ দেওয়ায় একজন নিরাপত্তাকর্মী শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
উপজেলার কাশিমপুরের বাড়েন্ডা এলাকায় কারখানাটির নাম পারপেল ফ্যাব্রিক্স লিমিটেড।
নিহত নিরাপত্তাকর্মীর নাম হামিদুল ইসলাম ( ৪৫)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝৈলতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাত সোয়া ২টার দিকে কারখানার পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকে ৩০/৪০ জন ডাকাত ভেতরে ঢোকে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা নিরাপত্তাকর্মী হামিদুল ইসলাম (৪৫), সবেদ আলী (৪৩), সিরাজুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন (৪৩) ও খোরশেদ আলমকে (৪০) হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে দেয়।
তারা সুতা, কাপড় ও দুইটি কম্পিউটারসহ এক কোটি ২৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।
এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান বাদী হয়ে শনিবার জয়দেবপুর থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24