গাজীপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় শুক্রবার রাতে আগুনে একটি মার্কেটের কয়েকটি দোকান পুড়ে গেছে।
গাজীপুর ও টঙ্গী ফায়ার দমকলের কর্মীরা দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর দমকলের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে রুনু সুপার মার্কেটের একটি ঘড়ির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুনে মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
এছাড়া রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাইমাইল দক্ষিণপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বাড়িতে আগুন লাগে।
আগুনে ওই বাড়ির আধাপাকা পাঁচটি ঘর, নগদ টাকা, টিভি ও আসবাবপত্রসহ ৪-৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
পরে গাজীপুর দমকলের কর্মীরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24