চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আছদগঞ্জ এলাকায় শুক্রবার ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন- কোতয়ালী থানার উপ-পরিদর্শক সদ্বীপ কুমার দাশ, মোহাম্মদ মহসিন ও কনস্টেবল সুকান্ত কুমার। শেষোক্ত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল পাঁচটার দিকে আছদগঞ্জের ছোবহানিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চার ছিনতাইকারীকেও গ্রেপ্তার করেছে।
এরা হল - মো. করিম, ফজলুল আজিম, মো. জাকারিয়া ও ফজলুল হক।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আছদগঞ্জে করিম নামে এক ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযান চালায়। করিমকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে গেলে ছিনতাইকারীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় ছিনতাইকারীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান। আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া কোতয়ালী থানার উপ-পরিদর্শক সদ্বীপ কুমার দাশ বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীরা সংঘবন্ধ সন্ত্রাসী দলের সদস্য।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছাড়াও পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের অভিযোগে একটি মামালা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24