খুলনা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সরদার আবু সাঈদ বাদল হত্যার গ্রেপ্তারকৃত আসামি হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার জেলার বিচার বিভাগীয় হাকিম মো. আবু ইব্রাহিমের খাস কামরায় এ জবানবন্দি দেন আল মামুন ওরফে বোমারু মামুন (৩৬)।
গত ১৬ অগাস্ট সকালে ফুলতলা উপজেলা পরিষদ এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল জেলার গোবরা বাজার থেকে চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) সদস্য মামুনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
এই মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল-বি) মো. নাসির উদ্দিন জানান, মামুন নিহত চেয়ারম্যান বাদলের ছোটভাই ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যা প্রচেষ্টা এবং ফুলতলার মৎস্য ব্যবসায়ী আজাদ গাজী হত্যা মামলাসহ আর্ধডজন মামলার আসামি।
আদালতে স্বীকারোক্তির আগে পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন জানান, তিনিসহ পাঁচজন চেয়ারম্যান বাদল হত্যাকাণ্ডে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24