ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকাসহ সারাদেশে অ্যানথ্রাক্স বিস্তার রোধে বিভাগ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি জানান, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ রোগের ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব ল্যাবরেটরিতে এ ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে। তাই প্রয়োজনে যেকোনো সময় গোটা দেশের চাহিদা অনুযায়ী এ ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরো জানান, ইতিমধ্যেই প্রায় দেড় লাখ ভ্যাকসিন আক্রান্ত এলাকায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে আরো দুই লাখ ভ্যাকসিন প্রাণিসম্পদ অধিদপ্তরের গুদামে মজুদ রয়েছে।
ঢাকা শহরের বিভিন্ন পশুর হাটে অ্যানথ্রাক্স চিহ্নিত করতে মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের (ডিসিসি) পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "অবশ্যই প্রত্যেকটি পশুর হাটের দিকেই আমাদের দৃষ্টি থাকবে। প্রয়োজনে সব হাটেই পশুর স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।"
তরলায়িত ও প্যাকেটজাত দুধ থেকে এ রোগের বিস্তারের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "এর কোনো সুযোগ নেই। আক্রান্ত সব পশু চিহ্নিত হয়েছে, তাই আক্রান্ত কোন পশুর দুধ এসব প্যাকেটে আসার সম্ভাবনা নেই।"
অ্যানথ্রাক্স সম্পর্কে মন্ত্রণালয়ে থাকা সর্বশেষ তথ্য উল্লেখ করে প্রাণিসম্পদ মন্ত্রী জানান, সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত মোট ২১টি পশু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৮টি গরু এবং তিনটি ছাগল।
তিনি জানান, এসব পশুর মধ্যে আটটি গরু মারা গেছে, আটটি গরু জবাই করে পুঁতে ফেলা হয়েছে ও দুইটি এখনো জীবিত রয়েছে। তিনটি ছাগলের মধ্যে দুইটি মারা গেছে ও একটি মেরে পুঁতে ফেলা হয়েছে।
মন্ত্রী বলেন, "অ্যানথ্রাক্স পশু থেকে পশুতে ছড়ানো রোগ। শুধু আক্রান্ত পশুর মাংস ও রক্তের সংস্পর্শে এলেই তা মানুষের মাঝে সংক্রমিত হতে পারে। এজন্য গণসচেতনতা সৃষ্টি এবং বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) যৌথভাবে কাজ করছে।"
এছাড়া আক্রান্ত এলাকায় চিকিৎসা বিশেষজ্ঞ দলসহ বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) প্রতিনিধিরাও কাজ করছেন। রোগ পরীক্ষায় সিরাজগঞ্জে অস্থায়ী পরীক্ষাগার স্থাপন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
পশুর অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার লক্ষণ জানিয়ে মন্ত্রী বলেন, "এ রোগে আক্রান্ত পশু প্রচন্ড জ্বরে মাথা নিচু করে থাকে এবং এর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। এমন পশুকে তাৎক্ষণিকভাবে নিধন করে ফেলতে হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসএএ/২০২৭ ঘ.
bdnews24