ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে অবহেলা ও অদক্ষতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে অবৈধ দখল থেকে ঢাকার ফুটপাত মুক্ত রাখতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তারও কারণ জানতে চেয়েছে আদালত।
এছাড়া প্রচলিত আইন অনুযায়ী যানজট নিরসন করতে কেন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না তারও কারণ জানাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী এম এস জি সারোয়ারের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেয়।
সরকারের যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার মেয়র, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আবদুস সামাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এইচএ/১৯৫২ ঘ.
bdnews24