ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে ২১ অগাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ হেফজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন ডিউকের জামিন আবেদন বাতিল করে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ ডিউককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে ডিউককে ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
হেফাজতের আবেদনে বলা হয়, সাইফুল ইসলাম ডিউক (৪৯) এ মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন।
এছাড়া এ মামলার বিদেশে পলাতক আসামিদের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। মামলা দুইটির অধিকতর তদন্তকালে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে। গ্রেফতারকৃত আসামিরা তাদের জবানবন্দিতে ডিউকের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেড সংগ্রহ, সরবরাহ, মদদ দান সম্পর্কে আরো তথ্য, অপর সংশ্লিষ্টদের নাম ঠিকানা উদ্ধারের জন্য ডিউককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
ডিউকের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়াসহ কয়েকজন আইনজীবী।
তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য ডিউককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৭১২ ঘ.
bdnews24