ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে স্টিল মিলে বিস্ফোরণের প্রায় আট ঘন্টা পর বুধবার সন্ধ্যায় সেখান থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিল্লাল হোসেন (৩২) কারখানার মেশিন অপারেটর পদে কাজ করতেন।
কদমতলি থানার উপ-পরিদর্শক আজম খান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিস্ফোরণের পর থেকে বিল্লাল নিখোঁজ ছিলেন। বিকালে কারখানার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসান স্টিল মিলের চুল্লীতে হঠাৎ বিম্ফোরণে আগুন ধরে গেলে নয়জন দগ্ধ হন।
তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আহত শ্রমিক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিদ্যুতের মিটার দেখার জন্য বিদ্যুৎ অফিস থেকে লোকজন আসে। এ সময় লোহা গলানোর চুল্লীতে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে স্থানীয় বিদ্যুত অফিসের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫), শ্রমিক অহিদুল ইসলাম (২৪), ফরহাদ (৩০), মো. রিপন (৩৫), মো. আব্দুল রব (৩০), রাজু (২৭) দগ্ধ হন। বাকি দুজনের নাম জানা যায়নি।
তাদের মধ্যে আতাউর রহমান, মদন বাবু ও অহিদুল ইসলামের অবস্থা গুরুতর।
আহত শ্রমিক রাজু জানান, চুল্লীতে প্রায়ই এ ধরনের বিষ্ফোরণ ঘটে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। তবে সকালের বিস্ফোরণ বড় ধরনের হওয়ায় এ ক্ষতি হয়।
হাসান স্টিল মিলের মালিক হাজী মইনুল হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24