গাজীপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ইটালি ফেরত এক যুবক খুনের ঘটনা করা মামলার এক আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামে বুধবার বিকালে এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
সোমবার রাতে গ্রামের ইটালি ফেরত জয়নাল আবেদিন মোড়লকে (২৮) কুপিয়ে হত্যা করে তার স্বজনরা।
এ ঘটনায় জয়নালের চাচা মোসলেহ উদ্দিন মোড়লসহ ১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মোসলেহ উদ্দিন বর্তমানে পলাতক।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বুধবার বিকালে আজমতপুর কলেজ মাঠে জয়নালের জানাজা ও দাফন শেষে বিক্ষুব্ধরা মোসলেহ উদ্দিনের বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও পাশের এলাকা নরসিংদীর পলাশ উপজেলার দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ওসি জানান, আগুনে মোসলেহ উদ্দিনের বসত ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
তিনি জানান, অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলাম, মাসুম খান, নাদি ও মো. আলীকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার আফজাল হোসেন বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০১ ঘ.
bdnews24