ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হচ্ছে। পরীক্ষা শুরু হবে ২৯ অক্টোবর।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে একাডেমিক কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এ বিষয়ে বেশ কিছু সুপারিশ করা হয়। একাডেমিক কমিটি ওই সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
এ বছর ভর্তি পরীক্ষার ফরম অনলাইনে ছাড়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ ওয়েবসাইট থেকে এ ফরম ডাউনলোড করা যাবে। আগের বছরগুলোর মতো হাতে হাতে বিতরণ ব্যবস্থা থাকবে না। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও জমার বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে।
ফরমের মূল্য (৩০০ টাকা) ও ভর্তির যোগ্যতা অপরিবর্তিত রাখা হয়েছে।
ফরম পূরণ করে জনতা, অগ্রণী, সোনালী এবং রুপালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময় ব্যাংকে ফরমের জন্য নির্ধারিত ৩০০ টাকা পরিশোধ করতে হবে। সেইসঙ্গে ব্যাংকের সার্ভিস চার্জ এবং ভ্যাট বাবদ দিতে হবে আরো ২৩ টাকা।
টাকা জমা দেওয়ার ৪৮ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে।
ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ অক্টোবর 'খ' ইউনিটের অধীনে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হবে। 'ক' ইউনিটের অধীনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ৫ নভেম্বর এবং 'গ' ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিভাগ পরিবর্তনকারী 'ঘ' ইউনিটের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। এই ইউনিটে সব বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
'চ' ইউনিটের অধীনে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24