পাবনা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামে বুধবার আরো ১৩ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে জেলায় মোট ৪০ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেলো বলে জানিয়েছেন ফরিদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম।
তবে পাবনার সিভিল সার্জন কে এম আশরাফুজ্জামান জানিয়েছেন, নতুন আক্রান্তদের ব্যাপারে তার কাছে কোনো তথ্য আসেনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিলচান্দক গ্রামের রহমত আলী (৪৫), শাহ আলম (৩৮), দুখু মিয়া (৩৬), নাছিমা খাতুন (৩০), মোহাম্মদ আলী (৪২), রিপন সরকার (৩০), রবিউল ইসলাম (৪৩), ছোহরাব প্রামাণিক (২৫), আতোয়ার সরকার (৩৩), শিউলি খাতুন (৩৫), শাহেরা খাতুন (৩০), আহাদ মোল্লা (৫৫) ও মোক্তার মোল্লার (৫০) শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়েছে।
আক্রান্তদের দেখতে বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ-নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের বিষেশজ্ঞদের নিয়ে বিকালে ঘটনাস্থলে যাওয়া হবে বলেও তিনি জানান।
অ্যানাথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা না থাকায় ভীত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩২৫ঘ.
bdnews24