২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন আজম খান

মুক্তিযোদ্ধা-শিল্পী আজম খান মুখে অস্ত্রোপচার শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:53 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা-শিল্পী আজম খান মুখে অস্ত্রোপচার শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। রাত পৌনে ১১টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান তার বড় মেয়ে ইমা খান। মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। গত ২১ জুলাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ১১টার দিকে বাবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।" ইমা জানান, তার বাবা এখন প্রায় সুস্থ। থেরাপি নিতে সেপ্টেম্বরে আবার সিঙ্গাপুর যাবেন। ১৩ সেপ্টেম্বর থেকে থেরাপি দেওয়া শুরু হবে। সিঙ্গাপুর যাওয়ার আগে গত ১৩ জুলাই বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে আজম খান জানান, পাঁচ-ছয় মাস আগে হঠাৎ জিহ্বার নিচে একটি মাংসপিণ্ড ধরা পড়ে। পরে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, মুখে ক্যান্সার হয়েছে। শিল্পী আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি রাজধানীর আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার গানের ১৭টি একক অ্যালবাম বের হয়েছে। এ ছাড়া অনেক মিশ্র অ্যালবামও রয়েছে। 'পপ গুরু' হিসেবে পরিচিত জনপ্রিয় এ শিল্পীর আশির দশকে গাওয়া 'ওরে সালেকা, ওরে মালেকা' -গানটি তরুণদের মুখে মুখে ফেরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/২৩৪৫ ঘ.