বরিশাল, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরিশাল কোতয়ালি মডেল থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এরা হলেন- মো. শাহ আলম ও আবুল হোসেন।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল হোসেন ব্যাপারি এ আদেশ দেন।
আদালতের পেশকার মো. আজিবর জানান, একটি অপহরণ মামলায় এ আদালতের বিচারক ১২০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন কোতয়ালি মডেল থানা ওসিকে।
ওসি পর্যায়ক্রমে মামলাটি তদন্তের দায়িত্ব দেন এসআই শাহআলম ও আবুল হোসেনকে। তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন।
ওই তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
মামলার নথি জানা যায়, রাজধানীতে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর সদর উপজেলার শায়েস্তাবাদ হবিনগর এলাকার একটি মেয়েকে নিয়ে যায় একই এলাকার আহম্মেদ খাঁ, তার স্ত্রী তছলিমা বেগম, কেরামত খাঁ ও শাহআলম ফকির।
কিন্তু দীর্ঘদিন মেয়ের কোনো খোঁজ না পেয়ে ২০০৯ সালের ২৬ নভেম্বর মেয়েটির বাবা বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24