ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার, রাঙামাটি ও ফেনীতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আটজন মারা গেছে।
রাঙামাটির চন্দ্রঘোনার সেলপাড়ায় দুপুর তিনটার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা যায় তিনজন।
ফেনীর চাড়িপুর বিসিক সড়ক এলাকায় বিকালে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: চন্দ্রঘোনা থানার ওসি রফিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঙ্গালহালিয়ার সেলপাড়া এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. শহীদুল্লাহ এবং যাত্রী সিটি ব্যাংক রাউজান নোয়াপাড়া শাখার নিরাপত্তাকর্মী নূরুল ইসলাম ও বাসনা দে মারা যান।
আহত অপর যাত্রী জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় মামলা হয়েছে।
ফেনী: পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের চাড়িপুর বিসিক সড়কের মাথায় ঢাকা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে এর চালক ও দুই যাত্রী মারা যায়।
এর হলেন- ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের আলম (৩৫), মোহাম্মদ আলী বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৬০) ও বাথানিয়া গ্রামের অটোরিকশাচালক সুমন (৩২)।
তারা ফেনী থেকে বাড়ি যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় মামলা হবে।
সাভার: আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, আশুলিয়ার হাসেন প্লাজার সামনে বিকালে সড়ক পার হওয়ার সময় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-১৫২৪) চাপায় গুরুতর আহত হন আণবিক শক্তি কেন্দ্রের টেকনিশিয়ান আব্দুর রাজ্জাক (৫৪)।
গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
এসআই আইয়ুব জানান, পুলিশ ট্রাকটি আটক ও লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তিনি জানান, সন্ধ্যায় বাড়ইপাড়া এলাকায় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক মারা যান। তার পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাস ও পিকআপ ভ্যানের আরো অন্তত ২৫ যাত্রী আহত হয়।
তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24