চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মনসুরাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ জাফর (২৫) শাড়ি ও থ্রিপিসগুলো পাহাড় দিয়ে নিয়ে আসছিলেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পাহাড়তলী থানার মনসুরাবাদ থেকে একটি ট্রাকসহ এসব মালামাল আটক করা হয়। জব্দ শাড়ি ও থ্রিপিসের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৫৫২টি শাড়ি ও ৬৪৭টি থ্রিপিস ট্রাকসহ জব্দ করা হয়।
তিনি জানান, পণ্যগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিক্রির জন্য নগরীর চকবাজারের কয়েকটি বিপণি বিতানে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে গ্রেপ্তার জাফর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এ ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮২৭ ঘ.
bdnews24