২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে ইটালি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

গাজীপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জে ইটালি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামে এই হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- জয়নাল আবেদিন মোড়ল (২৮)। তিনি আজমতপুর গ্রামের গিয়াস উদ্দিন মোড়লের ছেলে। প্রায় দুই মাস আগে তিনি ইটালি থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। গত ৬ অগাস্ট জয়নাল কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকায় বিয়ে করেন। স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল সাংবাদিকদের জানান, তারবিহ নামাজ পড়ানোকে কেন্দ্র করে রোববার রাতে জয়নালের চাচা মোসলেহ উদ্দিনের সঙ্গে বাড়ির পাশের মসজিদের ইমামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোসলেহ উদ্দিন ইমামকে লাঞ্ছিত করেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জয়নাল বিষয়টি জানার জন্য মোসলেহ উদ্দিনের কাছে যান। কিছু বুঝে ওঠার আগেই মোসলেহ উদ্দিন ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে জয়নালের বুকে ও মাথায় আঘাত করে। আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর রাত ৮ দিকে আবাসিক চিকিৎসক ডা. মো. লিয়াকত আলী খাঁন জানান তার মৃত্যু হয়েছে। ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২১ ঘ.