২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ সম্পর্ক সহজে ভেঙে যাওয়ার নয়: দীপু মণি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বলেছেন, "ভারত-বাংলাদেশ সম্পর্ক সহজে ভেঙে যাওয়ার মতো নয়। কারণ এ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বলেছেন, "ভারত-বাংলাদেশ সম্পর্ক সহজে ভেঙে যাওয়ার মতো নয়। কারণ এ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।" সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের 'সুকান্ত সংসদ' এবং পশ্চিমবঙ্গের 'কিশোর বাহিনী' যৌথভাবে এই মৈত্রী সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। 'মানবিক মূল্যবোধে সংস্কৃতি প্রেমী নতুন প্রজন্ম গড়ে তোল' এই স্লোগান নিয়ে গত ১৬ অগাস্ট কোলকাতার জয়দেবপুর থেকে ৩৫ জন সাইকেল আরোহী নিয়ে শুরু হয় এ শোভাযাত্রা। সোমবার সকালে শোভাযাত্রাটি ঢাকায় পৌঁছার পর এতে অংশগ্রহণকারীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। সুকান্ত সংসদের আহ্বায়ক আনোয়ারুল হক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাশেদ খান মেনন এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচারিয়া, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কিশোর বাহিনীর পরিচালক মনোরঞ্জন বসু এবং সাইকেল র‌্যালির সমন্বয়ক রক্তিম দাশ বক্তব্য দেন। সুকান্ত সংসদের আহ্বায়ক ও কিশোর বাহিনীর পরিচালক মনোরঞ্জন বসু অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের পতাকা বিনিময় করেন। পরে সুকান্তের শেষ কবিতা 'দেবদারু' স্মরণে কলা ভবনের সামনে একটি দেবদারু চারা রোপণ করা হয়। সমাপনী অনুষ্ঠানের পাশেই বটতলায় সুকান্তের ওপর চিত্রকর্ম ও কবিতা প্রদর্শনী হয়। দুপুরের পর সাইকেল আরোহীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দু'দেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরো দৃঢ় করার শপথ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২১২৬ ঘ.