২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও পাবনায় আরো ১২ অ্যানথ্রাক্স রোগী

সিরাজগঞ্জ ও পাবনার চারটি উপজেলায় সোমবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো ১২ জনকে সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও পাবনার চারটি উপজেলায় সোমবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো ১২ জনকে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগাচাকি উত্তরপাড়ায় সাতজন এবং পাবনার সাঁথিয়ার পাথাইল হাট গ্রামের পাঁচজন রয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে । এ নিয়ে দুই জেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। নমুনায় আ্যনথ্রাক্স পাওয়া গেলে তা থেকে টিকা তৈরির প্রক্রিয়া করা হবে বলে তারা জানান। তারা স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম তালুকদার জানান, স্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিস থেকে আ্যনথ্রাক্স প্রতিরোধ ও প্রতিকারের উপর গণ-সচেতনতামূলক মতবিনিময় করা হচ্ছে। তবে গ্রামবাসী ও গরুর খামারীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আব্দুল বাকী বলেন, "আমি নিজেই সোমবার সকালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও কামারখন্দ উপজেলার গ্রামগুলি পরিদর্শন করে সমবায়ীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করেছি। ইতোমধ্যে জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু করা হয়েছে। উপদ্রুত এলাকায় টিকা কার্যক্রম চালু রেখে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। "এ কাজের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাঠকর্মী ও কর্মকর্তাদের প্রেষণে আনা হয়েছে। অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রনজিৎ কুমার সাহা সার্বক্ষণিকভাবে পরীক্ষাগারের তত্ত্বাবধানে রয়েছেন।" বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল শাহজাদপুর ও বাঘাবাড়ির দুগ্ধ উৎপাদন অঞ্চলের আ্যনথ্রাক্স উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তারা আক্রান্ত মানুষ ও খামারীদের আশ্বস্ত করে প্রতিষেধক নেবার পরামর্শ দেন। বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খানে খান জানান, "রোগীদের লক্ষণ দেখে প্রাথমিকভাবে আ্যানথ্রাক্স বা তড়কা রোগের উপসর্গই মনে হচ্ছে। তবে আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম। নমুনায় আ্যনথ্রাক্স পাওয়া গেলে তা থেকে টিকা তৈরির প্রক্রিয়া করা হবে।" সিরাজগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, টিয়ারবন্দ এবং কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামে গত কয়েকদিনে অন্তত ২০টি গরু ও ভেড়া এ রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০/১২টি মারা গেছে। সিরাজগঞ্জের উপদ্রুত এলাকা থেকে বাংলাদেশ রোগতত্ত্ব ও রোগ-নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) ও বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র'র (আইসিডিডিআর,বি) বিশেষজ্ঞ দল রোববার চলে গেছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। গত ২৯ জুলাই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে এবং মাংসের সংস্পর্শে এসে চিথুলিয়া গ্রামের এসব লোকের দেহে রোগটির সংক্রমণ ঘটে। সংক্রমিতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে, কারো কারো শরীরের সৃষ্ট ক্ষতস্থানে তীব্র ব্যাথা বা পচন শুরু হয়েছে। পাবনায় নতুন আক্রান্ত পাঁচজন হলেন- সাঁথিয়া উপজেলার পাথাইল হাট গ্রামের ফকির চাঁদ (৪২), নাছিমা (৩২), নাজনিন নাহার (৩০), শান্ত ইসলাম (১২) ও বাবুল সরকার (৩৫)। পাবনা প্রতিনিধি জানান, জেলা প্রশাসক এএফম মনজুর কাদির এবং ঢাকার রোগতত্ত্ব বিশেজ্ঞরা ঘটনাস্থলে রয়েছেন। আইইডিসিআর প্রতিনিধি দলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু জানান, ইতোমধ্যে ঢাকার ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) সংক্রমিত কয়েকজনের রক্তের নমুনা, গরু জবাইয়ের স্থান, হাড়গোড় ও গোয়াল ঘরের মাটি পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন। তবে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। ইতোমধ্যে জনসচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাবনার সিভিল সার্জন ডা. মো. আশরাফুজ্জামান জানান, এই রোগে মৃত্যুর আশঙ্কা নেই। তাই এলাকাবাসীদের তিনি সন্ত্রস্ত না হওয়ার আহবান জানান। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। মিল্কভিটা কোম্পানি লিমিটেড'র নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ি দুগ্ধ উৎপাদন কারখানার আওতায় সিরাজগঞ্জ ও পাবনায় অনেক গরুর খামার রয়েছে। সাঁথিয়ার বড়-পাথালিয়া গ্রামে গত সোমবার স্থানীয় দুগ্ধ খামারী আকরাম হোসেনের অসুস্থ্য গরুর মাংস খেয়ে ১৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.