২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুহুল কুদ্দুসের মামলা: প্রত্যাহারের বিরুদ্ধে আবেদন খারিজ

হাইকোর্টে নিয়োগ পাওয়া বিচারপতি রুহুল কুদ্দুস বাবুসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের আদেশের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে নিয়োগ পাওয়া বিচারপতি রুহুল কুদ্দুস বাবুসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের আদেশের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ আবেদনটির ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে এ রায় দেয়। ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নওয়াব আব্দুল লতিফ হলের ছাত্র শিবির সভাপতি আসলাম তার নিজ কক্ষে খুন হন। এ ঘটনায় ওইদিনই আসলামের রুমমেট নায়েব আলী বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জাসদ (ইনু) সমর্থিত ছাত্রলীগ নেতা রুহুল কুদ্দুস বাবুকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারপতি রুহুল কুদ্দুস বাবুসহ নয়জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত এ মামলায় রুহুল কুদ্দুসসহ নয়জনকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়। এই আদেশের বিরুদ্ধে মামলার বাদী নায়েব আলী ও নিহতের পিতা জিন্নাত আলী গত ২ মে হাইকোর্টে একটি রিভিশন আবেদন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬ জুলাই রুহুল কুদ্দুস বাবুসহ নয়জনকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না সরকারকে তার কারণ জানানোর নির্দেশ দেয়। সেইসঙ্গে এ মামলার কার্যক্রমও স্থগিত করে আদালত। এই মামলার কারণে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম হাইকোর্টের বিচারপতি রুহুল কুদ্দুস বাবুকে শপথ পড়ান নি। গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রুহুল কুদ্দুস বাবুকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৭৩১ ঘ.