সাভার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আরিচা মহসড়কে সাভারের বিশমাইল এলাকায় শনিবার রাতে ২১শ' বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাটাপুলার গ্রামের শাহজাহান (৩০) ও সিরাজগঞ্জ জেলার শোলাচাপিয়া এলাকার সেলিম মিয়া (৩২)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ মাইল এলাকায় ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ২১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিলেন।।
এ ব্যাপারে দুপুরে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫০৯ ঘ.
bdnews24