২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলায় পুলিশকে সহায়তা করতে গিয়ে দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হয়েছেন কক্সবাজারের ছয় সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 05:40 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

কক্সবাজার, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলায় পুলিশকে সহায়তা করতে গিয়ে দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হয়েছেন কক্সবাজারের ছয় সাংবাদিক। এরা হলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি বদিউল আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এসএম আমিনুল হক চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রিয়তোষ পাল পিন্টু, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল মাবুদ ও আজকের দেশ বিদেশ'র স্টাফ বিপোর্টার শফি উল্লাহ। শনিবার বেলা ১টার দিকে শহরের বাইপাস সড়কের কাছে পুলিশ লাইন এলাকায় এই হামলা হয়। এই ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক আবাসন প্রকল্পের সভাপতি বদিউল আলম জানান, সাংবাদিকদের আবাসন প্রকল্পে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ শনিবার দুপুরে তদন্ত কাজে সহায়তা দেওয়ার জন্য মামলার বাদী ও সাক্ষীদের ঘটনাস্থলে উপস্থিত থাকার অনুরোধ করেন। আবাসন প্রকল্পের সভাপতি ও মামলার বাদী হিসেবে তিনি ও আরো পাঁচ জন সাংবাদিক নতুন পুলিশ লাইন এলাকায় গেলে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। তারা সাংবাদিকদের ধাওয়া করে এবং মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন। কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.