সিরাজগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমিত আরো তিনজনকে সনাক্ত করা হয়েছে।
এ নিয়ে জেলার শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে আ্যনথাক্স রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এর মধ্যে শুক্রবার ৩৮ জনকে সনাক্ত করা হয়।
শনিবার উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে আরো তিনজনের শরীরে এ রোগ সনাক্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহজাদপুর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম।
তিনি বলেন, "এরা সবাই 'কিউটেনিয়াস আ্যনথ্রাক্স' আক্রান্ত গরুর মাংস খেয়ে ও সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
তবে ইতিমধ্যে ৪০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানান ডা. নূরুল।
এছাড়া আ্যনথ্রাক্স প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা চেয়্যারম্যান হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়ি অডিটোরিয়ামে দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আ্যনথ্রাক্স রোগের সূত্রপাত, লক্ষণ, বিস্তার, প্রতিকার ও করণীয় সর্ম্পকে আলোচনা করা হয়। গবাদি পশু ও মানুষের দেহে এ রোগ সংক্রমিত হলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।
আক্রান্তদের রক্তের নমুনা ঢাকায়
ঢাকার ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর প্রতিনিধি দলের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষণা কর্মীরা এ রোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।
আইইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুন্ডু জানান, শুক্রবার চিথুলিয়া গ্রামের ২৮ জনের রক্ত সংগ্রহ করে ঢাকায় গবেষণাগারে পাঠানো হয়েছে।
গত ২৯ জুলাই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে এবং মাংসের সংস্পর্শে এই রোগ গ্রামের এসব লোকের দেহে সংক্রমিত হয়।
শুক্রবার সকালে আইইডিসিআর, আইসিডিডিআরবি ও সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের একদল চিকিৎসক চিথুলিয়া গ্রামে এসে রোগ নিশ্চিত করে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন।
ওইদিন প্রতিনিধি দলের প্রধান আইইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু সাংবাদিকদের বলেন, "অ্যানথ্রাক্স রোগের উপসর্গের সঙ্গে এই গ্রামের ৩৮ জন রোগীর উপসর্গের পুরোপুরি মিল খুঁজে পাওয়া গেছে।
তবু আরো নিশ্চিত হতে রোগীদের রক্ত ও জবাইকৃত গরুর গোয়ালঘর থেকে মাটিসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।"
আক্রান্ত গরুর মাংস খেয়ে সংক্রমণ
বৃহস্পতিবার চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত ২৬ রোগীর খোঁজ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের একটি দল ডা. শরিফুল ইসলাম ও জেলা সেনেটারি পরিদর্শক রাম চন্দ্র সাহার নেতৃত্বে ওই দিন সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের আ্যনথ্রাক্স সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা সেনেটারি পরিদর্শক রাম চন্দ্র সাহা জানিয়েছিলেন, ২৯ জুলাই চিথুলিয়া গ্রামের আব্দুস ছালামের অ্যানথ্রাক্স সংক্রমিত ষাঁড় ও শাহ আলমের গাভী জবাই করে মাংস গ্রামবাসীর কাছে বিক্রি করা হয়।
সংক্রমিতরা সবাই ওই গরু জবাই, কাটা-ছেঁড়া, মাংস বানানো এবং খেয়ে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংক্রমিতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে এবং কারো কারো শরীরের সৃষ্ট ক্ষতস্থানে তীব্র ব্যাথা হচ্ছে বা পচন ধরতে শুরু করেছে বলেও জানান তিনি।
শুক্রবার অ্যানথ্রাক্স রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার আগে মতবিনিময় সভা করা হয়। সভায় আক্রান্ত রোগীরা ছাড়াও গ্রামবাসীরা অংশ নেয়।
সভায় মিল্কভিটা কোম্পানি লিমিটেড'র নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ি দুগ্ধ উৎপাদন কারখানার সমিতি ব্যবস্থাপক ডা. ইদ্রিস আলী বলেন, এ বছরের শুরুতে চিথুলিয়া উত্তরপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ২শ' গাভীকে টিকা দেওয়া হয়েছে। যেগুলোর মেয়াদ থাকে ন্যূনতম এক বছর।
অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার খবর শুনে গত ৯ আগস্ট আবার টিকা দেওয়া হয়েছে। যে গাভী দুটি আ্যনথ্রাক্স হয়ে মারা গেছে সেগুলো বাইরে থেকে কেনা এবং টিকা দেওয়া হয়নি।
গ্রামবাসীরা জানান, মিল্কভিটার সমিতির বাইরেও এই গ্রামে প্রায় ৩ শতাধিক গাভী রয়েছে। এসব গাভীর টিকা বা চিকিৎসার বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে গিয়ে সময়মত সহযোগিতা পাওয়া যায় না।
এ ব্যাপারে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, অনেক সময় সরবরাহ না থাকায় সময়মত খামারিরা টিকা পায় না। তবে পরে ঠিকই সরবরাহ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেবি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24