২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিবির নেতাসহ গ্রেপ্তার ৩

হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৩ টার দিকে চবি দুই নম্বর গেইট সংলগ্ন হাটহাজারী উপজেলার জোবরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- চবি ছাত্রশিবির সাধারণ সম্পাদক নেছার আহম্মদ মিয়াজী, শিবিরের চবি ক্যাম্পাস শাখার সভাপতি তোফায়েল আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম রাসেল। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। হাটহাজারী থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার দিকে তারা ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে গিয়ে কলা অনুষদের সামনে ছাত্রলীগকর্মী এমএসসি (রসায়ন) শেষ পর্বের শিক্ষার্থী জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।" তিনি জানান, "আহত জহিরুলকে চবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।" পরে হত্যা চেষ্টার অভিযোগে তাদেরকে জোবরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, "তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।" বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/জেবি/কেএমএস/১৭৫৬ ঘ.