২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীমের ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছে পুলিশ

যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের লাশের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 06:48 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের লাশের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিবেদনটি সংগ্রহের পর শুক্রবার তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়। শের-ই বাংলা নগর থানার উপ-পরিদর্শক আজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনিরুজ্জামান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়না তদন্ত রিপোর্টটি এখনো আমরা দেখিনি। তবে গুলিতে মারা যাওয়ার কারণে এটা অস্বাভাবিক মৃত্যু হিসাবেই সেখানে লেখা থাকবে। আমরা সেভাবেই এটি তদন্ত করছি।" মনিরুজ্জামান জানান, এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে অন্য আরো কয়েকজনের নাম জানা গেছে। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা। ১৩ অগাস্ট রাতে সংসদ ভবন এলাকায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে গুলিতে নিহত হন যুবলীগ কর্মী ইব্রাহিম আহমেদ। ইব্রাহীমের আত্মীয়-স্বজনদের না জানিয়ে ওইদিন রাতেই শাওনের গাড়িচালক শের-ই বাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে পরে সাংসদ শাওনসহ আটজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন ইব্রাহিমের ভাই মাসুম। মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/০১২৩ ঘ.