২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুধবার রাতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুধবার রাতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তঃসত্ত্বা মহিলাসহ পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। পুলিশ জানিয়েছে, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের প্রয়াত সোবহান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত গুলির খোসা ও তিনটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ সোবহান মেম্বারের দুই ছেলে সাদেকুল ইসলাম (৫০) ও আলমগীর হোসেন (৪০) এবং নাতি রিমনকে (২৮) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতদের হামলায় আহত সোবহান মেম্বারের ভাতিজা নিয়াজ আলী (৭০) এবং তার অন্তঃসত্ত্বা মেয়ে তাসলিমা আক্তারকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে সোবহান মেম্বারের বাড়িতে তার ভাতিজা নিয়াজ আলীর ঘরে কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করে। তিনি বলেন, এরপর তারা প্রথমে আট মাসের অন্তঃসত্ত্বা তাসলিমার চার বছরের ছেলে তামিমকে জিম্মি করে। কিছুক্ষণ পর তারা ধারালো অস্ত্র দিয়ে তাসলিমাকে আঘাত করে আলমারি ও শোকেসের তালা ভেঙে মালামাল লুটে নেয়। এ সময় তারা নিয়াজ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। এসআই মালেক জানান, এসময় তাসলিমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাত দল বোমা ফাটিয়ে ও শটগানের গুলি ছুড়তে থাকে। এতে সাদেকুল, আলমগীর ও রিমন আহত হন। তিনি বলেন, গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা আবারো বোমা ও শটগানের গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা মালেক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে তিনটি অবিষ্ফোরিত বোমা ও শটগানের কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আহত তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা আমার ছেলে তামিমকে জিম্মি করে আলমিরা ও শোকেসের তালা ভেঙে এক লাখ ১০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন সেটসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২৩৫ ঘ.