২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো, সায়মনের অর্থ পাচার মামলার শুনানি ১৫ সেপ্টেম্বর

আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। তাদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের ওপর শুনানির জন্য এ দিন নির্ধারণ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ দিন ধার্য করেন। তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অন্যান্যরা বাংলাদেশ ব্যাংকের আবেদনের বিপরীতে লিখিত আপত্তি দিয়ে শুনানির জন্য সময় চান। বিচারক শুনানির দিন ধার্য করে বিশেষ জজ মোজাম্মেল হোসাইনের আদালতে এর শুনানির জন্য স্থানান্তর করেন। মামলার নথিপত্রও তিনি ওই আদালতে পাঠিয়ে দেন। ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো এবং সায়মনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আবু সাইদ এ মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুর ডলার পাচারের অভিযোগ আনা হয়। অভিযোগে উল্লেখ করা পাচার করা অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার সমতূল্য। ওই বছর ১২ নভেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকি তাদের পাচার করা অর্থ সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনার জন্য আদালতে আবেদন করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পাচার করা অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখেছিলেন। এদিকে কর ফাঁকির অপর এক মামলায় একই বিচারক আগামী ৬ আক্টোবর কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। জাতীয় রাজস্ব বোর্ড চলতি বছরের ১ মার্চ কোকোর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুনীর্তি মামলায় গ্রেপ্তার করা হয়। কোকো ২০০৮ সালের ১৭ জুলাই নির্বাহী আদেশে কারাগার থেকে সাময়িক মুক্তি নিয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। সায়মন এ মামলায় পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/২০৫২ ঘ.