ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে একটি ডাস্টবিন থেকে
মাজহারুল হক মাসুম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানা এলাকায় মোহনী আগরবাতি গলিতে সিটি কর্পোরেশনের ডাস্টবিন থেকে বুধবার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে জানান, সকালে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী রহিম, ইদ্রিস ও সফি ডাস্টবিনে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলাসহ সাত/আটটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
নিহতের ভাই কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত থেকে মাজহারুল নিখোঁজ ছিলেন।
২০০৯ সালে কোতয়ালী থানায় মাজহারুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় বলে জানান কামরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24