২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব ক্যাম্পাস নেই ৪৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

দেশের ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৫টিরই কোনো ক্যাম্পাস নেই। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যেই তাদেরকে নিজস্ব ক্যাম্পাসে চলে যাওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৫টিরই কোনো ক্যাম্পাস নেই। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যেই তাদেরকে নিজস্ব ক্যাম্পাসে চলে যাওয়ার কথা। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ই প্রতিষ্ঠার পর ৭ বছরের বেশি হয়ে গেছে। শর্ত পূরণ করতে না পারায় তাদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে মতামত জানাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদেরকে তিন সপ্তাহের সময় বেঁধে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করতে পারেনি তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানাতে তাদের প্রতিনিধিদের উপরই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা তাদের মতামত জানানোর পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সভাপতি সি এম শফি সামি বলেন, "এসব বিশ্ববিদ্যালয়ে প্রায় দু' লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" চলতি বছরের ১১ জুলাই সংসদে পাশ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে চলে যেতে হবে। আইন হওয়ার আগে প্রতিষ্ঠিত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যেই এ নিয়ম প্রযোজ্য বলে জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এটিই বড় শর্ত। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই ভাড়া বাড়িতে গড়ে উঠেছে। যা কোনোমতেই শিক্ষার মান বজায় রাখতে পারছে না।" শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, " বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০/১২ বছর কেটে গেলেও যারা শর্ত পূরণ করতে পারেনি, তাদের বিষয়ে আইন অনুযায়ী অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এখন তারা নতুন করে কোনো বিভাগও খুলতে পারবে না।" পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নেওয়ার ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিপাকে পড়ছে-এমন অভিযোগ করে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে একটি নীতিমালা তৈরী করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে এ জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত ১৯৭৩ সালের অর্ডিন্যান্স অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আয়ের ২০ শতাংশ তার বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দিতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ নিয়মও মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। শিক্ষামন্ত্রী নাহিদ আরো জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের জন্য সেগুলোর র‌্যাংকিং করা হবে। যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে মানের দিক দিয়ে কোন বিশ্ববিদ্যালয় কত নম্বরে রয়েছে। ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেনজীর আহমেদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/১৮২৯ঘ.