ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিলে আব্দুল্লাহর আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেয়।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৮ সালের ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে তিন কোটি ৬৯ লাখ ৬৩ টাকার সম্পদ অর্জন ও প্রায় ৩৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
এ মামলায় রায় ঘোষণা করা হয়নি।
মামলায় তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফ ম রেজাউল করিম।
দুদকের পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭২২ ঘ.
bdnews24