ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে গুলিতে এক যুবক নিহত হয়েছে। ছিনতাই করে পালানোর সময় গুলিতে সে মারা যায়। তার সঙ্গী গণপিটুনিতে আহত হয়েছে।
নিহত যুবকের নাম বাদল (৩৪) এবং আহত যুবকের নাম সুলতান (৩২) বলে পুলিশ জানিয়েছে।
গুলশান জোনের পুলিশের সহকারি কমিশনার নূরুল আলম জানান, আহত ছিনতাইকারীর জ্ঞান ফেরার পর তার দেওয়া তথ্য অনুযায়ী দুইজনের যে পরিচয় পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তারা যে ছিনতাইকারী সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, গুলশানে পাকিস্তান দূতাবাসের সামনে বুধবার দুপুরে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী হেনা বেগম নামের এক মহিলার কাছ থেকে জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো।
এ সময় ওই স্থান দিয়ে গাড়ি করে যাচ্ছিলো আওয়ামী লীগ নেতা ও সাংসদ আব্দুর রাজ্জাকের গানম্যান পুলিশ কনস্টেবল মো. হেমায়েতউদ্দিন।
হেনা বেগমের চিৎকার শুনে হেমায়েতউদ্দিন গাড়ি নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এ সময় হেমায়েতউদ্দিনও গুলি ছুড়লে ছিনতাইকারীরা মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যায়।
গুলিতে এক ছিনতাইকারী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পথচারীরা অপর ছিনতাইকারীকে গনপিটুনি দেয়।
হেমায়েতউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসুস্থ সাংসদ আব্দুর রাজ্জাকের জন্য একটি ভ্যাকসিন আনতে গুলশান এভিনিউয়ের ৭৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়ী থেকে গাড়ি নিয়ে বের হই। পথিমধ্যে এ ঘটনা ঘটে।"
ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কাশেম নামের এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি মোটরসাইকেলে ৫ জন আরোহী ছিলো। দুই মোটর সাইকেল থেকে দুই জন নেমে অস্ত্রের মুখে রিক্সার আরোহী মহিলার হাতের বালা ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকে।"
আবুল কাশেম বলেন, "মহিলা পাশেই একটি গাড়ী যেতে দেখে ছিনতাইকারী বলে চিৎকার দেয়। চিৎকার শুনে গাড়ীটি ছিনতাইকারীদের মোটরসাইকেলের পিছু নিলে ছিনতাইকারীরা গুলি ছুড়তে থাকে। এ সময় গাড়ীতে বসা এক পুলিশ সদস্য গুলি করলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।"
প্রায় ৭ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানান আবুল কাশেম।
গুলিতে সাংসদের গাড়ীর কাঁচ ভেঙ্গে যায় এবং কয়েক জায়গায় ক্ষতিগ্রস্থ হয়।
এ সময় পথচারীরা অপর একজন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গুলশান থানায় ছিনতাইকারীর লাশ সনাক্ত করে হেনা বেগম বলেন, "এই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে ছিনতাই করেছিল।"
গুলশান থানার ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকৃত ব্যাগ ঘটনাস্থল থেকে এবং হাতের বালা নিহত ছিনতাইকারীর পকেট থেকে উদ্ধার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/কেএমএস/এইচএ/২১০৬ ঘ.
bdnews24