ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে পাওয়া ঋণের অর্থে সরকার নদী খননের জন্য ছয়টি ড্রেজার কিনছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় দেশের নদী খননের জন্য ৬টি ড্রেজার কিনতে ভারতীয় ঋণের ৪৭২ কোটি টাকা ব্যয় করা হবে।
শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয় বলে সভাশেষে সাংবাদিকদের জানান পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার।
তিনি জানান, পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য ৬টি ড্রেজার কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৩৯ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ সহায়তার বাইরে ১৬৭ কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার।
ড্রেজারগুলোর মধ্যে একটি মংলা বন্দরের জন্য, তিনটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং দুটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জন্য।
পরিকল্পনা সচিব জানান, ২০১২ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
তবে ড্রেজারগুলো কোন কোন নদীর খননকাজে ব্যবহার হবে- তা জানাতে পারেননি তিনি।
গত ৭ অগাস্ট ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা চুক্তি সই করে বাংলাদেশ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
ভারতের কাছ থেকে পাওয়া এ অর্থ দিয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে পাঁচটি প্রকল্প রেলপথের উন্নয়ন সংশ্লিষ্ট।
এই চুক্তি সইয়ের ১০ দিনের মধ্যে প্রকল্প অনুমোদন হওয়ার বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ মজুমদার বলেন, "ঋণ সহায়তার বিষয়ে চুড়ান্ত চুক্তির আগেই প্রকল্প প্রস্তুতের জন্য সময় পাওয়া গিয়েছিল।"
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দেয় ভারত।
এছাড়া একনেক সভায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ৩০ কিলোমিটার গ্রিড ইন্টারকানেকশন অবকাঠামো নির্মাণের জন্য ১,০৭৯ কোটি টাকা ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্প ব্যয়ের মধ্যে ৭০০ কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং ৩৭৯ কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার।
হাবিবউল্লাহ মজুমদার বলেন, "এ প্রকল্পের আওতায় বাংলাদেশের ভেড়ামারা থেকে ভারতের বহরমপুর সীমান্ত পর্যন্ত ৩০ কিলোমিটার ৪০০ কেভি গ্রিড সংযোগ লাইন নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রথম বছরে ২৫০ মেগাওয়াট এবং পরের ৩৪ বছর ৫০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আদান-প্রদান করা যাবে।"
২০১২ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পরই বিদ্যুৎ আদান-প্রদান করা যাবে বলে জানান তিনি।
নদী খননের জন্য ১৩ টি ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১,৩১০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্প ব্যয়ের পুরো অর্থের যোগান দেবে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 'অগমেন্টেশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফার্স্ট ট্র্যাক প্রোগ্রাম প্রকল্প' প্রকল্প অনুমোদন করেছে একনেক।
বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭৬৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এ প্রকল্পে পাঁচটি নতুন কূপ খনন ও একটি কূপ মেরামতের কাজ করা হবে।
এছাড়া একনেক সভায় সরকারের অর্থায়নে ৪৩৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ সড়ক ও রেলপথ উন্নয়ন সংক্রান্ত তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৯৩৮ ঘ.
bdnews24