খুলনা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল খুনের ঘটনায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে ফুলতলা থানায় মামলাটি করেন বাদলের ছোট ভাই উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু।
আগেরদিন সকালে ফুলতলার উপজেলা পরিষদের কাছে অস্ত্রধারী দুই যুবক তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বাদলের পরিবার তিনদিনের কর্মসূচি দিয়েছে।
ফুলতলা থানার ওসি কাজী দাউদ হোসেন সাংবাদিকদের জানান, মামলায় অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অভিযান চলছে।
ওসি জানান, এজাহারে বাদি বলেছেন- ১৯৯৮ সালে তার বাবা আবুল কাশেমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে হত্যা করে। তার ভাই বাদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একইভাবে তাকেও হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকালে নিহতের বাড়ির সামনে প্রতিবাদ সমাবেশ, বুধবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24