নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট ঘণ্টা কাজের দাবিতে নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
এতে সকালে আধঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। ওখান থেকে গিয়ে তারা শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে।
পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তারা শান্ত হয়।
শহরের জামতলা হায়দার আলি রোড এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির নাম ইউনিয়ন অ্যাপারেলস।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, সকাল ১১টা পর্যন্ত শ্রমিকরা কাজ করেনি। এরপর থেকে বের হয়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে।
এরপর তারা চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে।
ইউনিয়ন এ্যাপারেলসের শ্রমিক সবুজ ও রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত মজুরি ছাড়া প্রথম রমজান থেকে প্রতিদিন কাজের নতুন সময়সূচি করা হয় ভোর ৬টা থেকে বিকাল ৫টা।
শ্রমিকদের দাবি ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তকর্মঘণ্টা নির্ধারণ করা। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মেনে আগের সময়সূচি বহাল রাখে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের শ্রমিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, শ্রমিকরা বিকেএমইএ কার্যালয়ে আসার পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। মালিক, শ্রমিক, প্রশাসন ও বিকেএমইএ'র প্রতিনিধির উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24