২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্য হাতির আক্রমণে দুই শিশুর মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে রোববার রাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বান্দরবান, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে রোববার রাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। নিহত শিশুরা হলো- শাহীনুল আলম (১০) ও তার ভাই মো. জাহিদ (৫)। তারা দোছড়ি ইউনিয়নের বাঁকখালী এলাকার আবদুস সালামের ছেলে । আহতরা হলেন- আবদুস সালামের স্ত্রী ইসমত আরা (৩০), শ্বাশুড়ি মায়েনা আক্তার (৭০) ও তাদের কাজের ছেলে জয়নাল (২৫)। দোছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে বাঁকখালি পাড়ায় আবদুস সালামের বাড়িতে বন্য হাতির দল আক্রমণ চালায়। এসময় হাতি তাদের কাঁচা বসত ঘরটি দুমড়ে-মুচড়ে ফেলে এবং ঘরের ভিতর ঘুমন্ত শিশু শাহীন ও জাহিদকে পায়ে নিচে পিষ্ট করে মেরে ফেলে। এসময় পালাতে গিয়ে তিনজন আহত হয়। নুরুল ইসলাম জানিয়েছেন, ওই এলাকায় ৩০/৩৫টি বন্য হাতি দীর্ঘদিন যাবত বিচরণ করছে। তারা পাহাড়ে খাদ্যের অভাবে সুযোগ পেলেই লোকালয়ে নেমে আসে। মানুষের বসতবাড়ি ভেঙে ফেলে, জমির ফসল নষ্ট করে ও লোকজনের ওপর আক্রমণ চালায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম সোহেল জানান, সরকারের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ১০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নের পক্ষ থেকে নগদ দুই হাজার ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল হক সবুজ জানিয়েছেন, মৃত দুই শিশুর নামাজে জানাজা সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ কক্সবাজারের রামু উপজেলায় তাদের নানা বাড়ি নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় একটি জিডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫২৫ঘ>